ফেনীতে চলছে আই-জেন উৎসবের শেষ পর্ব

ফেনীর বিভিন্ন বিদ্যালয়ে আই–জেন উৎসবের শেষ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। গত ২৬ এপ্রিল শুরু হওয়া এই উৎসব শেষ হবে ৪ জুন।
দুই সপ্তাহ ধরে ফেনীর বিভিন্ন বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি জেনেছে ইন্টারনেট সম্পর্কে।
উৎসবে ফেনীর ৩২টি সরকারি–বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘এ’ এবং ‘বি’—এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ইতিমধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৬টি বিদ্যালয়ে উৎসব শেষ হয়েছে।
পরীক্ষায় সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ‘এ’ ক্যাটাগরির বিদ্যালয়গুলো থেকে ১০ জন করে ১৬০ জন শিক্ষার্থীকে আগামী ৪ জুন ফেনী জেলা সদরে অনুষ্ঠেয় জেলা আই–জেন উৎসবে নিজ নিজ বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হয়েছে। ‘এ’ ক্যাটাগারিতে ১৬টি বিদ্যালয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।
তা ছাড়া ‘বি’ ক্যাটাগরির ১৬টি বিদ্যালয়ের মধ্যে ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন শিক্ষণীয় দিক তুলে ধরে প্রচারণা চালানো হয়েছে। অষ্টম থেকে দশম শ্রেণির কয়েক হাজার শিক্ষার্থীর মধ্যে এ প্রচারণা চালানো হয়।
গত মঙ্গলবার রাজাপুর স্কুল অ্যান্ড কলেজ ও চাড়িপুর কোব্বাদ আহম্মদ উচ্চবিদ্যালয়ে উৎসবের মধ্য দিয়ে জেলায় ‘এ’ ক্যাটাগরির উৎসব শেষ হয়েছে। উৎসবে রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোমিনুল হক বলেন, এখন ইন্টারনেটের যুগ। এ যুগে যারা ইন্টারনেট ব্যবহার জানবে না, তারা পিছিয়ে থাকবে। তিনি আরও বলেন, শিশুদের মধ্যে প্রযুক্তি ছড়িয়ে দিতে প্রথম আলো ও গ্রামীণফোন যে উদ্যোগ নিয়েছে, তার প্রভাব দীর্ঘস্থায়ী হবে।
আই–জেন উৎসব পরিচালনা করেন প্রথম আলো ফেনী বন্ধুসভার সদস্যরা। প্রতিটি বিদ্যালয়ের অনুষ্ঠানে বন্ধুসভার ১০ জন করে সদস্য পালাক্রমে অংশ নিয়েছেন। এসব উৎসবে শিক্ষার্থীরা ইভ টিজিং, মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার শপথ নেয়।